ঢাকাFriday , 6 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন, ঘাতক স্বামী গ্রেপ্তার

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

জামালপুরে নিজ বাসায় স্ত্রীকে হত্যার পর বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হোসাইন মো. তাইফুরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা ও নিহতের স্বজনরা তাকে মারধর করে।

ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জামালপুর শহরের দড়িপাড়া এলাকার মন্ডলপাড়ায় ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে জামালপুর শহরের দড়িপাড়া এলাকার মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে হোসাইন মো. তাইফুরের সঙ্গে একই শহরের পূর্ব মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার (৩৬) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তাসফিক নামে এক ছেলে ও তাহা নামে এক মেয়ের জন্ম হয়।

তবে দীর্ঘদিন ধরে তাইফুরের মাদকাসক্তির কারণে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত বলে জানা গেছে।

বৃহস্পতিবার ঢাকা থেকে জামালপুরে এসে রাতে বাসায় অবস্থান করেন তাইফুর। রাত আনুমানিক ১টার দিকে বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ও নিহতের ভাই এগিয়ে আসেন। বাসার মূল গেট তালাবদ্ধ থাকায় তারা জানালার কাঁচ ভেঙে ভেতরে তাকিয়ে দেখেন, বিছানার ওপর তাহমিনা আক্তার তানিয়ার মরদেহ পড়ে আছে এবং তার হাত পোড়া অবস্থায় রয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাসার গেট ও কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। এ সময় বাড়ির দ্বিতীয় তলা থেকে ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় নিহতের স্বজন ও উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ দ্রুত তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পারিবারিক কলহের জের ধরে ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।