বাংলাদেশের নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গ সীমান্তে নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক ডেস্ক
দৈনিক আশুলিয়া
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী। আসন্ন নির্বাচনের আগে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন এলাকায় বিশেষ তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। স্বরূপনগরের তেঁতুলিয়া কংক্রিট ব্রিজ এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছে স্বরূপনগর থানার পুলিশ। প্রশাসন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বুধবার হিঙ্গলগঞ্জ থানার অধীন সীমান্তসংলগ্ন বিভিন্ন সড়ক এবং কালিন্দী ও ইছামতি নদীপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে। লেবুখালির ভেসেল ঘাটসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্তমুখী বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি স্থলপথ ও নদীপথ উভয় দিকেই নজরদারি বাড়ানো হয়েছে। বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র ও নিষিদ্ধ সামগ্রী পাচার এবং দুষ্কৃতীদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও কড়া নজরদারি চালাচ্ছে। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সীমান্তসংলগ্ন আবাসিক হোটেলগুলোতেও তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।