দৈনিক আশুলিয়া ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় সিসিবিএল ফিলিং স্টেশনের সামনে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবু জাফর জানান, ঢাকা থেকে নড়াইলগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত ২৩ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হতে পারে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি দ্রুতগতিতে চলছিল। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা সড়কটিতে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

