ঢাকাTuesday , 3 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুদানে ভয়াবহ সশস্ত্র হামলায় নিহত ১৬৯ নারী-শিশুসহ বহু হতাহত, গণকবরে দাফন

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

জুবা: অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র যুবকের ভয়াবহ হামলায় দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে নারী ও শিশুসহ অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে আবিয়েমনম কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মানুষ যখন গভীর ঘুমে ছিল তখনই হামলাকারীরা অতর্কিত আক্রমণ চালায়। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এ তাণ্ডবে ঘরবাড়ি ও বাজারে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, পুলিশ ও আঞ্চলিক বাহিনীর সদস্য ছাড়াও স্থানীয় কাউন্টি কমিশনার ও নির্বাহী পরিচালক রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

পরিস্থিতির ভয়াবহতার কারণে অনেক মরদেহ গণকবরে দাফন করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

রাজনৈতিক বিরোধের অভিযোগ

স্থানীয় প্রশাসনের দাবি, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি রাজ্য থেকে এসেছে এবং তারা বিরোধী রাজনৈতিক দল এসপিএলএ-আইওর সঙ্গে সংশ্লিষ্ট। তবে বিরোধী পক্ষ এ অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

সহিংসতার ঘটনায় প্রাণ বাঁচাতে প্রায় এক হাজার সাধারণ মানুষ জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির কাছে আশ্রয় নিয়েছেন।

চিকিৎসা সেবা স্থগিত

আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা এমএসএফ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তারা তাদের চিকিৎসাসেবা সাময়িকভাবে স্থগিত করেছে। সংস্থাটির দাবি, তাদের ২৬ জন কর্মী নিখোঁজ রয়েছেন এবং একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।

গৃহযুদ্ধের ঝুঁকি

২০১৮ সালের শান্তি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কায় দক্ষিণ সুদান আবারও বড় ধরনের গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। রাজনৈতিক অস্থিরতা ও গোষ্ঠীগত সংঘাত দেশটির সাধারণ মানুষের জীবনকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

২০১১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা ও রক্তক্ষয়ী সংঘর্ষে জর্জরিত এই নবীন রাষ্ট্রটি আবারও সহিংসতার নতুন চক্রে আবর্তিত হচ্ছে বলে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র: আল-জাজিরা, বিবিসি।

আন্তর্জাতিক সর্বশেষ