ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে সব ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট। ওই অঞ্চলে অবস্থানরত আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম অগ্রাধিকার।”

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তিনি বলেন, “আমাদের নাগরিকরা কাঁটাতারের এপাশে বা ওপাশে—যেখানেই থাকুক, ক্ষতিগ্রস্ত হলে আমরা তাদের পাশে থাকব। আমাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থ হলো আমাদের জনগণ।”

সংশ্লিষ্ট দেশগুলোর আশ্বাস

পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং তারা এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, আর কোনো বাংলাদেশি যেন সংঘাতের শিকার না হন। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

সংলাপ ও কূটনীতির আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, যুদ্ধ বা সংঘাত কখনোই স্থায়ী সমাধান বয়ে আনে না। তিনি সংলাপ ও কূটনীতির মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে আটকে পড়া সম্ভাব্য অভিবাসী কর্মীদের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আকাশপথ স্বাভাবিক হলে তাদের যাত্রার ব্যবস্থা করা হবে।

আন্তঃমন্ত্রণালয় বৈঠক

মধ্যপ্রাচ্যের ক্রমবিকাশমান পরিস্থিতি এবং এর প্রভাব—বিশেষ করে বিমান চলাচল, প্রবাসী কল্যাণ ও আঞ্চলিক নিরাপত্তা—পর্যালোচনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

আন্তর্জাতিক সর্বশেষ