আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ইরানের নৌ-সক্ষমতা ধ্বংস হয়ে গেছে—এমন মার্কিন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালি এখনো ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল নায়েনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দেন। ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। এর জবাবে নায়েনি বলেন, “ট্রাম্প কি বলেননি যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তা-ই হয়ে থাকে, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠাক।”
আইআরজিসি মুখপাত্র আরও দাবি করেন, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইতোমধ্যে ‘আমেরিকান ও জায়নবাদী’ লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং ৩ হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে।
তিনি সতর্ক করে বলেন, ইরানের হাতে আরও শক্তিশালী অস্ত্র রয়েছে, যা এখনো ব্যবহার করা হয়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিচালিত হওয়ায় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
—আন্তর্জাতিক ডেস্ক

