দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী
ঝিনাইদহ: নরসিংদীর আলোচিত ধর্ষণ মামলায় অভিযুক্তদের কাউকে আশ্রয়-প্রশ্রয় দিলে তাদেরও কঠোর আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “যারা এ ধরনের অপরাধে জড়িতদের আশ্রয় দেবে, তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে।”
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশ প্রসঙ্গে তিনি জানান, সাংবিধানিকভাবে যেসব অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলো সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। “সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা ১৩৩টি অধ্যাদেশ পেশ করা হবে,” বলেন তিনি।
মামলার জট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচারপ্রার্থীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে—এটি একটি বড় সমস্যা। এই জট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তবে বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহার হলে বিষয়টি সুপ্রিম কোর্ট দেখবে বলেও উল্লেখ করেন তিনি।
মাদক, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। “গুটিকয়েক দুষ্কৃতিকারীর কারণে সরকারের ভালো কাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে না,” মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এমএ মজিদ, রাশেদ খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।

