দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
নিউইয়র্ক প্রতিনিধি: দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সরকারি অনুদান পেয়েছে নিউইয়র্কভিত্তিক প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে ২০ হাজার ডলারের অনুদান চেক গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
রোববার (১ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে কুইন্স থেকে নির্বাচিত স্টেট অ্যাসেম্বলিমেম্বার জেনিফার রাজকুমার আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন। ডেমোক্রেটিক পার্টির এই স্টেট অ্যাসেম্বলীওম্যান অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৮ থেকে টানা ছয় বছর ধরে নির্বাচিত হয়ে আসছেন। তাঁর নির্বাচনি এলাকার মধ্যে বাংলাদেশি অধ্যুষিত ওজোন পার্ক, উডহ্যাভেন বুলেভার্ড ও রিচমন্ড হিলসহ বিভিন্ন এলাকা রয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে করতালির মধ্যে জেনিফার রাজকুমার বলেন, “নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে কমিউনিটির কল্যাণে কাজ করে আসছে। তাদের কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই এই অনুদান সংগ্রহ সম্ভব হয়েছে।”
তিনি ভবিষ্যতেও বাংলাদেশি কমিউনিটির উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটের সদস্য জন ল্যু উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন মানবকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কমিউনিটির পক্ষ থেকে কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট-লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী জেনিফার রাজকুমার ও জন ল্যু-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, কুইন্সের জয়া পার্টি হলে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রবাসী কমিউনিটির নেতারা আশা প্রকাশ করেন, এ অনুদান সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

