ক্রীড়া প্রতিবেদক | দৈনিক আশুলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরুর আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরা। তাদের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবসকে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। সংস্থাটি জানায়, টনি ডি জর্জি গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পরও পুরোপুরি ফিট না হওয়ায় তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে, এসএ টি-টোয়েন্টি লিগে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় ভেঙে গুরুতর চোট পান ডোনোভান ফেরেইরা। এই চোটের কারণে তিনিও বিশ্বকাপে অংশ নিতে পারছেন না।
দক্ষিণ আফ্রিকার শিবিরে চোটের দুশ্চিন্তা এখানেই শেষ নয়। অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার অ্যাডাক্টর পেশির চোটে ভুগছেন। এই কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না। বিশ্বকাপে তার অংশগ্রহণ নির্ভর করছে আসন্ন ফিটনেস পরীক্ষার ফলাফলের ওপর।
এ ছাড়া পেসার লুঙ্গি এনগিডি ও অলরাউন্ডার ডেওয়াল্ড ব্রেভিসও ইনজুরিতে ভুগছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। সিএসএ জানিয়েছে, মিলারের চোট নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে টিম ম্যানেজমেন্ট।
নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দলগুলো বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। এর পর কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমোদন প্রয়োজন হবে।
আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল:
এইডেন মার্করাম (অধিনায়ক), করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, জেসন স্মিথ ও ট্রিস্টান স্টাবস।

