দৈনিক আশুলিয়া ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ৩২টি আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ দাবির প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জোটের নেতারা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া বৈঠকে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, ভোট গণনায় অসঙ্গতি ও ফলাফল নিয়ে প্রশ্ন ওঠায় ৩২টি আসনে পুনঃগণনার দাবি জানানো হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের উচিত এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের পক্ষে উপস্থিত ছিলেন জোটের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাসহ জোটের অন্যান্য প্রতিনিধিরা।
এর আগে শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোটের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, ভোটগ্রহণ ও ফলাফল নিয়ে বিভিন্ন অভিযোগ এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করতে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে জোটের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ ও দাবি উপস্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন এসব অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে। এ প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ ও মতবিনিময় অব্যাহত রয়েছে।

