নিজস্ব প্রতিবেদক | দৈনিক আশুলিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে নিজ বাসভবন থেকে বসুন্ধরার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী অবস্থা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। যদিও বৈঠকের বিস্তারিত আলোচ্য বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে দুই দলের শীর্ষ পর্যায়ের এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, দলের চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক নির্বাচন ও নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের মধ্যে সংলাপ ও সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয়ের ইঙ্গিত বহন করতে পারে।

