বাগেরহাট প্রতিনিধি | দৈনিক আশুলিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, তিনি কোনো দলের প্রতিনিধিত্ব করলেও সংসদ সদস্য হিসেবে সবার জন্য কাজ করবেন এবং নিজেকে জনগণের সেবক হিসেবেই দেখতে চান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “আমি শুধু দলের এমপি নই, আমি জনতার এমপি। এমপি হিসেবে আমি শাসক নই, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। সকল দলমত, জাতি ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখাই আমার প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী তাকে নমিনেশন দিয়েছে শুধুমাত্র দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য। তিনি বলেন, “এমপি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, এমপি হলো পুরো জাতির। আমি সবার এমপি। কারও দুশ্চিন্তার কারণ নেই। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সকলের সহযোগিতায় শরণখোলা-মোরেলগঞ্জকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদে পরিণত করব, ইনশাআল্লাহ।”
শরণখোলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, জামায়াত নেতা মাওলানা ওবায়দুল ইসলাম, ছরোয়ার হোসাইন বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম আকন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক সাবেরা ঝর্না ও জাহিদ হোসেন হিমেল প্রমুখ।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম নির্বাচনকালীন ও পরবর্তী সহিংস ঘটনায় আহতদের দেখতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তিনি আহতদের খোঁজখবর নেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে যাতে এ ধরনের সহিংস ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নবনির্বাচিত এমপির এই বক্তব্যকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং তার নেতৃত্বে এলাকায় উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

