সিরাজগঞ্জ প্রতিনিধি | দৈনিক আশুলিয়া
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে গ্রেফতার দুই নেতাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। এর পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে পূর্বশত্রুতার জেরে উধুনিয়া ইউনিয়নের গজাইল বাজারে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল লতিফ বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় ১০ থেকে ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা আব্দুল আলিম সরদার ও আব্দুল কাদের খন্দকারকে গ্রেফতার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, “নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

