দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ইসমাইল হোসেন (৪০), তিনি উপজেলার কালাদরাফ ইউনিয়নের উত্তর চাকলা এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খন্দকার মসজিদ মোড় এলাকার একটি অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে ইসমাইলকে আটক করা হয়। পরে তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকানো দুটি প্যাকেট থেকে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি অপ্পো এ-৩এস মডেলের দুই সিমযুক্ত স্মার্টফোন এবং একটি নকিয়া ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
— নোয়াখালী প্রতিনিধি, দৈনিক আশুলিয়া

