হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোস্তাজ উদ্দিন মোন্তাজের ওপর সন্ত্রাসী হামলা,গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ব্যক্তিগত গাড়িচালককে মারপিট করায় গুরুতর আহত হয়েছেন।
আশুলিয়া থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে স্থানীয় সচেতন নাগরিক ও গার্মেন্টস শ্রমিকদের নিয়ে তিনি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করেন। এরপর থেকে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো বলে অভিযোগ করেন ভুক্তভোগী চেয়ারম্যান।
এরপর গত (২৫ ফেব্রুয়ারি ২০২৬ইং) তারিখ দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ধামসোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে একদল সন্ত্রাসী তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করে সরকারি কাজে বাধা প্রদান করে। পরে দুপুর আড়াইটার দিকে ফারুকনগর এলাকায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাঠি-সোটা, লোহার রড, জিআই পাইপ, রামদা ও ধারালো অস্ত্র দিয়ে গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের বাধা দিতে গেলে গাড়িচালক রাজুকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়দের সহায়তায় গাড়ির আগুন নেভানো হয় এবং আহত রাজুকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চেয়ারম্যানের অভিযোগ, হামলাকারীরা পূর্বে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার সময় তার গাড়িতে থাকা নগদ ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় দাবিকৃত চাঁদার অবশিষ্ট ৮ লাখ টাকা এক সপ্তাহের মধ্যে না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী চেয়ারম্যান।
তিনি আরও জানান, হামলাকারীরা তার প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। আহতের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পরবর্তীতে দাখিল করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে প্যানেল চেয়ারম্যান মোমতাজ উদ্দিন জানান। পুলিশ জানায়, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

