দৈনিক আশুলিয়া
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ঢাকা: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি অর্থমন্ত্রীকে ফুল দিয়ে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান। বৈঠকে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীসহ সংগঠনের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের পোশাক খাতের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজিএমইএ সভাপতি বলেন, অর্থমন্ত্রী নিজে একজন সফল ব্যবসায়ী হওয়ায় তিনি ব্যবসায়ীদের সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করতে সক্ষম। তিনি জানান, বর্তমানে প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকার নগদ প্রণোদনা বিভিন্ন জটিলতায় আটকে থাকায় অনেক প্রতিষ্ঠান অর্থ সংকটে রয়েছে, যা রপ্তানি সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলছে।
বিজিএমইএ নেতারা বকেয়া নগদ সহায়তা দ্রুত ছাড় করা, প্রক্রিয়া সহজীকরণ এবং আবেদন জমার সঙ্গে সঙ্গেই অর্থ ছাড়ের ব্যবস্থা করার জন্য মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। অর্থমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বকেয়া অর্থ দ্রুত ছাড় এবং প্রক্রিয়া আধুনিক ও সহজ করার আশ্বাস দেন।
এছাড়া বৈঠকে ঋণ পুনঃতফসিলীকরণের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। বিজিএমইএ নেতারা জানান, অনেক ক্ষেত্রে ব্যাংক ঋণ পুনঃতফসিল করলেও কারখানাগুলো পর্যাপ্ত কার্যকর মূলধন পায় না, ফলে উৎপাদন ব্যাহত হয়। অর্থমন্ত্রী এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।
বিজিএমইএ নেতারা ব্যবসা সহজীকরণ, প্রশাসনিক জটিলতা দূর করা এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর জন্য প্রয়োজনীয় নীতি সহায়তার আহ্বান জানান। এ বিষয়ে অর্থমন্ত্রী বিজিএমইএকে এক সপ্তাহের মধ্যে শিল্পখাতের সমস্যাগুলো চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশ দেন।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো পোশাক শিল্প। এ খাতের টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার সর্বাত্মক নীতি সহায়তা প্রদান করবে।
বিজিএমইএ সভাপতি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, পোশাক শিল্পের উন্নয়ন ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে তারা সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাবে।

