দৈনিক আশুলিয়া
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সাড়ে চার বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তাবাসসুম নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল আড়াইটার পর থেকে তাবাসসুম নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।
বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক বিদ্যালয়ের পেছনের মাঠে যাওয়ার সময় একটি রক্তমাখা বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লাল হোসেন বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদঘাটনে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

