দৈনিক আশুলিয়া
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ঢাকা
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ঢাকা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের বিচারিক প্রক্রিয়ার অবসান ঘটে।
এর আগে, মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনের করা আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন।
ট্রাইব্যুনালের রায় ও অভিযোগ
২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মামলার তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়েছে। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে সিরাজুল হককে মৃত্যুদণ্ড এবং আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
এ মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।
আপিলের পর চূড়ান্ত রায়
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খান আকরাম হোসেন আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।
আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এ রায়ের ফলে খান আকরাম হোসেনের বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশ বাতিল হয়েছে।
— প্রতিবেদক, মোঃ আল আমিন কাজী, দৈনিক আশুলিয়া

