ঢাকাThursday , 26 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে ডাকাতদের গুলিতে প্রাণ গেল কুতুবদিয়ার জেলে শাহাদাতের, আহত অন্তত ১৫

দৈনিক আশুলিয়া
February 26, 2026 9:11 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার): মাছ ধরতে গিয়ে আর ঘরে ফেরা হলো না কুতুবদিয়ার জেলে শাহাদাত হোসেনের (খোকন)। বঙ্গোপসাগরের গভীর সাগরে সশস্ত্র ডাকাতদের হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জেলে। ডাকাতদের কবলে পড়ে কুতুবদিয়া উপজেলার দুটি মাছ ধরার ট্রলার।

গত মঙ্গলবার বিকেলে গভীর সাগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মনসুর আলী হাজী পাড়ার মৃত বাদশার ছেলে। ডাকাতির শিকার ট্রলার দুটি একই ইউনিয়নের জসিম উদ্দিন ও সাইফুল ইসলামের মালিকানাধীন বলে জানা গেছে।

অস্ত্রের মুখে জিম্মি করে একের পর এক ট্রলারে হামলা
ডাকাতদের কবল থেকে ফিরে আসা জেলেরা জানান, প্রথমে একটি মাছ ধরার ট্রলারে হানা দিয়ে সেটি দখলে নেয় সশস্ত্র ডাকাত দল। এরপর মাঝি-মাল্লাদের অস্ত্রের মুখে জিম্মি রেখে একের পর এক পাশের ট্রলারগুলোতে হামলা চালানো হয়। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন ঘটনাস্থলেই নিহত হন। হামলায় আরও অন্তত ১৫ জেলে আহত হন।

ডাকাতরা ট্রলারে থাকা বিপুল পরিমাণ মাছ, জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। প্রাণভয়ে জেলেরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বলে জানান ভুক্তভোগীরা।

ছয় ট্রলার ডাকাতির শিকার হওয়ার দাবি
কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, গভীর সাগরে কুতুবদিয়ার অন্তত ছয়টি মাছ ধরার ট্রলার ডাকাতির শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে একজন নিহত এবং অন্তত ১৫ জেলে আহত হয়েছেন। তিনি সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অভিযোগ পেলে ব্যবস্থা: পুলিশ
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, নিহত জেলে শাহাদাত হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জেলেদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে এসপিকে ফোন সাংসদের
সাগরে ডাকাতির এ ঘটনায় কুতুবদিয়ায় আয়োজিত মাসিক সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত নবনির্বাচিত সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কক্সবাজার জেলা পুলিশ সুপারকে ফোন করে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

দাফন সম্পন্ন
বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে শাহাদাত হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেল সাড়ে চারটায় উত্তর ধূরুং ইউনিয়নের মনসুর আলী হাজী পাড়ার স্থানীয় মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরুল ফারুক।

স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগরে ডাকাতদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে ডাকাতদের গ্রেপ্তার এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।