দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, “অপরাধী যেই হোক তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, রাজধানীতে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীতির মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে তিনি নিজেই মাঠপর্যায়ে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
তিনি জানান, সন্ধ্যার পর বিশেষ ব্লক রেইড পরিচালনা করে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের টহল ও নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
রাজধানীর ফুটপাত ও সড়ক দখলের বিষয়ে আইজিপি বলেন, ফুটপাত দখলের পর এখন সড়কও দখলের শিকার হচ্ছে, এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজেও রাতে টহলে থাকার ঘোষণা দেন। তার ভাষ্য, “আমি রাস্তায় থাকলে সহকর্মীরাও আরও সক্রিয় থাকবে এবং আইন প্রয়োগে কঠোরতা বাড়বে।”
আইজিপি আরও বলেন, সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে। যে-ই অপরাধী হোক—ছিনতাইকারী, মাদক কারবারি কিংবা হোয়াইট-কলার অপরাধী—সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীসহ সারাদেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

