দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাজমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল হকের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি রাজধানীর উত্তরখান হেলাল মার্কেট এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
নিহতের ভগ্নিপতি আশরাফ উদ্দিন জানান, রাতে গ্রিন রোডে বোনের বাসা থেকে মোটরসাইকেলে করে উত্তরখানের বাসায় ফিরছিলেন নাজমুল। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনায় ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

