দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
বিনোদন ডেস্ক: রোজার ঈদকে ঘিরে নির্মাতা সাগর জাহানের দুটি নতুন নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটক দুটির শিরোনাম ‘সদা সত্য বলিব’ ও ‘আদু ভাই’। দুই নাটকেই তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী আইশা খান।
‘সদা সত্য বলিব’ নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল। সহজ-সরল এক মানুষের প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি ঈদুল ফিতরে এনটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ‘আদু ভাই’ নাটকটি নির্মিত হচ্ছে হাস্যরসাত্মক গল্পে। এর চিত্রনাট্য রচনা করেছেন অর্ক মোস্তফা। নাটকটি ঈদ উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সাগর জাহান।
নাটক দুটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “অনেকদিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরোনো স্মৃতিগুলো ফিরে আসছে। কাজ করে ভালো লাগছে। পরিচালকের মুখ দেখে মনে হয়েছে তিনি সন্তুষ্ট, আমিও তৃপ্ত। নাটকগুলো প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।”
উল্লেখ্য, এর আগে সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ‘ফ্যাটম্যান’, ‘কবুল বলিল কে’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন মোশাররফ করিম।
ঈদ উপলক্ষে নাটক দুটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

