ঢাকাSunday , 1 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ খেলার মাঠ ও স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে চিহ্নিতের উদ্যোগ

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

ঢাকা: সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় রাজধানী ঢাকায় ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দুর্যোগ-পরবর্তী সময়ে মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলো চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ত্রাণমন্ত্রী বলেন, “ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন, যাতে জরুরি পরিস্থিতিতে তারা তাৎক্ষণিক সাড়া দিতে পারেন।”

তিনি আরও বলেন, ভূমিকম্প-পরবর্তী সময়ে মানুষের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে রাজধানীর খোলামেলা স্থান—বিশেষ করে খেলার মাঠ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগের পরপরই ক্ষতিগ্রস্তদের এসব স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, “আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত ঢাকার জন্য পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধিই হতে পারে বড় ধরনের প্রাণহানি এড়ানোর প্রধান উপায়।

জাতীয় সর্বশেষ