দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রতিরোধে ইসলামী বিশ্বের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, চলমান সংকট নিরসনে শান্তি প্রতিষ্ঠা ও পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত করা হবে।
এরদোয়ান মার্কিন ও ইসরায়েলি হামলাকে গভীরভাবে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এই পরিস্থিতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শুরু হয়েছে।
একই সঙ্গে তিনি উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন। “যে কারণেই হোক, ভ্রাতৃপ্রতিম উপসাগরীয় দেশের বিরুদ্ধে হামলা সমর্থনযোগ্য নয়,” বলেন তিনি।
সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপ
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর সামাজিক মাধ্যমে জানায়, চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে এরদোয়ান উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, প্রয়োজনীয় ও সময়োপযোগী হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করাই সবচেয়ে কার্যকর ও যুক্তিসংগত পথ বলে মন্তব্য করেন তিনি।
এরদোয়ান আরও জানান, তুরস্ক ও সৌদি আরব কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের মাধ্যমে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কূটনীতিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে তুরস্কের এ অবস্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

