দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী
বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এক নেতাসহ তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উল্লাপাড়া এলাকার গৃহবধূ নাছিমা খাতুন ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু মুনছুর আহম্মেদ ওরফে পাশা, তাঁর স্ত্রী উপজেলা মহিলা দলের সভানেত্রী শারমীন সুলতানা এবং তাঁদের ছেলে ফায়সাল আহম্মেদ ওরফে আকাশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।
শনিবার বেলা তিনটার দিকে উপজেলা সদরের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। কর্মসূচি চলাকালে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, নাছিমা খাতুনের স্বামী চপল মাহমুদ জাপান টোব্যাকো কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি কাজ শেষে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থানরত আবু মুনছুর পাশা, তাঁর স্ত্রী ও ছেলে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত পুলিশ দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। তাঁরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু মুনছুর আহম্মেদ মুঠোফোনে বলেন, “চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেনি। ক্যারম খেলাকে কেন্দ্র করে আমার ছেলের সঙ্গে চপল মাহমুদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি মহল চক্রান্ত করে মিথ্যা অভিযোগ তুলেছে।”
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

