দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী
ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার জেরে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। আটকে পড়াদের মধ্যে প্রবাসী শ্রমিক ছাড়াও ইউরোপ ও আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী রয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দর পরিদর্শন করেন। তিনি আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য নেওয়া সহায়তা কার্যক্রম তদারকি করেন।
পরিদর্শনকালে সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে যাত্রীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় মন্ত্রী জানান, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করছে।
মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ৫০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করেছে এবং সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে। এছাড়া ওমানের মাস্কাটগামী ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসে ফ্লাইট বাতিল হওয়ায় তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থাও করা হয়েছে। রোববার তাদের সিলেটে ফেরত পাঠাতে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকে ঢাকা থেকে সংশ্লিষ্ট সব ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অনিশ্চিত রয়েছে।
আটকে পড়া যাত্রীরা দ্রুত ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

