ঢাকাSunday , 1 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

অসহায় মানুষের সঙ্গে বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুরের ইফতার অর্ধশতাধিক দুস্থ-খেটে খাওয়া মানুষকে সম্মান জানিয়ে আয়োজন

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

শরীয়তপুর: পবিত্র রমজান উপলক্ষে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের সঙ্গে ইফতার করেছে বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখা। শনিবার সন্ধ্যায় শহরের কোর্ট এরিয়ায় অবস্থিত বিসমিল্লাহ সুইটস্ অ্যান্ড কাচ্চি কিং রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত ইফতারে উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, সহসভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, অর্থবিষয়ক সম্পাদক রিমন ঢালী, যোগাযোগবিষয়ক সম্পাদক শামীম শিকদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ইফতারে অংশ নেওয়া ধানুকা এলাকার আমেনা বেগম, যিনি খোয়া ভাঙার কাজ করে জীবিকা নির্বাহ করেন, আবেগাপ্লুত হয়ে বলেন, “আমাগো কোনোদিন এমন কইরা হোটেলে কেউ নিয়্যা খাওয়ায় নাই। আল্লাহ আপনাগো ভালো করুক। সবার লাইগা দোয়া করি। প্রতিবছর যেন গরীব মানুষ লইয়া এমন ইফতার করেন।”

পালং এলাকার ভ্যানচালক ছমেদ বেপারী বলেন, “দিনে যা আয় করি, তা দিয়ে সংসারই ঠিকমতো চলে না। আজ আমাদের সম্মান দিয়ে একসঙ্গে বসাইয়া ইফতার করাইছে—এইটাই অনেক বড় পাওয়া।”

সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা বলেন, “রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সব সময় মানবিক কাজে যুক্ত থাকতে চায়।”

উপদেষ্টা শরিফুল আলম ইমন বলেন, “এই আয়োজন কেবল ইফতার নয়, বরং সমাজের অবহেলিত মানুষের সঙ্গে হৃদয়ের বন্ধন তৈরি করার একটি প্রচেষ্টা। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। বসুন্ধরা শুভসংঘ সবসময় শুভ কাজে সবার পাশে থাকে।”

আয়োজকরা জানান, রমজানজুড়ে আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

জাতীয় সর্বশেষ