দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ঢাকা: দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে সংঘটিত গোলাগুলির ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, প্রায় দুই মাস আগে একটি সন্ত্রাসী গ্রুপ চট্টগ্রামের এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। পরে পুলিশ ওই ব্যবসায়ীর বাসায় নিরাপত্তা জোরদার করে। এতে সন্ত্রাসীরা সুবিধা করতে না পেরে পুনরায় হামলা চালায় এবং ভারী অস্ত্র ব্যবহার করে গোলাগুলি করে।
আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তিনি উল্লেখ করেন, নরসিংদীর একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকটি ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা আন্তরিক ও কঠোর—তা জনগণ ইতোমধ্যে বুঝতে পেরেছে।”
সেনাবাহিনী ও র্যাব প্রসঙ্গ
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা কতদিন মাঠে থাকবেন, তা উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকলে তাদের প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে প্রভাব পড়ে বলেও তিনি উল্লেখ করেন।
র্যাবের নাম ও পোশাক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, র্যাব নিয়ে জনমত রয়েছে এবং জুলাই জাতীয় সনদে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। “র্যাব একটি বিশেষায়িত বাহিনী। প্রয়োজন আছে, তবে তাদের কাঠামো, এখতিয়ার, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করে সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি।
জুলাই গণ–অভ্যুত্থান ও অধ্যাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে।
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ প্রসঙ্গে তিনি জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই এসব অধ্যাদেশ উপস্থাপন করা হবে। এর মধ্যে কিছু স্পর্শকাতর অধ্যাদেশও রয়েছে।
কূটনৈতিক বৈঠক
রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পরে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ। তিনি সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার আহ্বান জানান।
পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।

