ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন বিকাশ-নগদে অর্থ পাঠাতে প্রলোভন, লেনদেন না করার আহ্বান

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

ঢাকা: দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

রোববার (১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানি প্রদানের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছে। প্রতারকরা সম্মানি পাইয়ে দেওয়ার কথা বলে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে অর্থ পাঠাতে কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দিতে প্রলুব্ধ করছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায়—সে লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, দেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসব মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে ওই কমিটিকে সহযোগিতা করা হচ্ছে। তবে এই তথ্য সংগ্রহ কার্যক্রম কোনো ধরনের ভাতা বা সম্মানি প্রদানের নিশ্চয়তা বহন করে না।

ইসলামিক ফাউন্ডেশন সর্বসাধারণকে প্রতারকচক্রের সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করার এবং এ ধরনের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে সন্দেহজনক কোনো কার্যক্রমের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ইসলামী জীবন সর্বশেষ